শীর্ষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতারণা, পটিয়ায় রিয়াদ বিন সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার

0
8

পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি : রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে চট্টগ্রামের পটিয়া উপজেলা থেকে রিয়াদ বিন সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে পটিয়া থানার একটি দল পৌরসভার পাইকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত রিয়াদের কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে, যেখানে তাকে “CSF Chairperson’s Security Force” এর সদস্য হিসেবে উল্লেখ করা হয়। এছাড়া একটি হ্যান্ড মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, মনিটরিং সেল কার্ড, ওয়াকি-টকি সদৃশ মোবাইল ফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, রিয়াদ “Lion Riyadh Selim” নামের ফেসবুক আইডির মাধ্যমে সরকারের শীর্ষ ব্যক্তি ও মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি করে বিভিন্ন ছবি প্রচার করতেন। প্রাথমিকভাবে এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি বলে ধারণা করা হচ্ছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে তদবির বাণিজ্য পরিচালনা এবং চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক ভুক্তভোগীর অভিযোগে জানা যায়, জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি ধাপে ধাপে প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় পটিয়া থানায় দণ্ডবিধির ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পূর্বে নারী ও শিশু নির্যাতন এবং মাদক আইনে একাধিক মামলা রয়েছে। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও বিচারাধীন রয়েছে। মোবাইল ফোন বিশ্লেষণে প্রতারণার আরও তথ্য পাওয়া গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার প্রলোভন এবং ভুয়া পার্সেল ডেলিভারির মাধ্যমে অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা নিশ্চিত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here