নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি হিসেবে গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা, গবেষণা, আধুনিক রোগ নির্ণয় প্রযুক্তি এবং নগর ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নই বর্তমান নগর প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।
বৃহস্পতিবার (১৮ জুন) এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি অর্জিত হয়েছে। গত বছরের তুলনায় জলাবদ্ধতা ৫০ থেকে ৬০ শতাংশ কমেছে এবং চলতি বছরে তা ৭০ থেকে ৮০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৩৭টি খালের পাশাপাশি আরও প্রায় ৪০টি খাল পুনঃখনন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব খাল দখলমুক্ত করে রিটেইনিং ওয়াল ও গাইডওয়াল নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধান নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার পরিচ্ছন্নতা ও যানচলাচল ব্যবস্থার উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল সংলগ্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে রোগী, স্বজন ও চিকিৎসকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রবর্তক মোড় থেকে জয়নগর পর্যন্ত ফুটপাত আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রম তুলে ধরে মেয়র বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর লার্ভিসাইড ব্যবহারের ফলে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। ২০২৩ সালে যেখানে প্রায় ৯ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল এবং ৭৮ জনের মৃত্যু হয়েছিল, সেখানে ধারাবাহিক কার্যক্রমের ফলে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি বলেও তিনি জানান।
তিনি বলেন, আধুনিক স্বাস্থ্যসেবার জন্য গবেষণা ও উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির কোনো বিকল্প নেই। জিনোম সিকোয়েন্সিং, মলিকুলার ডায়াগনস্টিকস এবং দ্রুত রোগ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসসহ বিভিন্ন সংক্রামক রোগ মোকাবিলায় নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এ ধরনের প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে এসপেরিয়া হেলথ কেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মেয়র জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে প্রায় ১০ লাখ শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করেছে। পাশাপাশি স্কুলগামী কিশোরীদের জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে এইচপিভি টিকাদান কর্মসূচি পরিচালনা করা হয়েছে। ব্রেস্ট ক্যানসার, কোলোরেক্টাল ক্যানসারসহ বিভিন্ন রোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ বলেন, চট্টগ্রামে মলিকুলার ডায়াগনস্টিকস ও হিস্টোপ্যাথলজি সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গবেষণামুখী কার্যক্রমের মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, হামসহ বিভিন্ন জনস্বাস্থ্য-সংশ্লিষ্ট রোগ নিয়ে নিয়মিত কাজ করা হচ্ছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ, পরিচালক জাহেদুল আলম, জয়নব রুমা, ডা. কামরুন নাহার জলি ও আবদুল মান্নানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, গবেষক, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


