দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী

0
8

দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে বুধবার (২৯ এপ্রিল) শুনানি শেষে আদালত আজকের দিনটি আদেশ ঘোষণার জন্য নির্ধারণ করেছিলেন। অন্যদিকে, আরও পাঁচটি মামলায় আইভীর জামিনের বিষয়ে আপিল বিভাগের আদেশ আগামী রোববার (৩ মে) দেওয়া হবে। গত সোমবার (২৭ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এ দিন ধার্য করেন। জানা গেছে, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে আইভীকে আটক করা হয় এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। এর মধ্যে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে গত ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কেএম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ আবারও তাকে জামিন দেন। উল্লেখিত পাঁচটি মামলার মধ্যে চারটি হত্যা মামলা—ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আরও একটি মামলা রয়েছে। হাইকোর্টের জামিন আদেশের পর রাষ্ট্রপক্ষ তা স্থগিতের আবেদন করলে গত ৫ মার্চ আপিল বিভাগের চেম্বার আদালত জামিন স্থগিত করেন এবং বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। এর মধ্যেই আরও দুটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here