জ্বালানির দামে ঊর্ধ্বগতি, বিশ্ববাজারে টানা সপ্তম দিনের রেকর্ড

0
10

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। সংঘাত নিরসনের প্রচেষ্টা থমকে যাওয়ায় অপরিশোধিত তেলের বাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) গ্রিনিচ মান সময় ১২টা ৫১ মিনিটে, যা বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫১ মিনিট, জুন মাসে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৪৫ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮.৬৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগে একই সূচক ২.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে টানা সপ্তম দিনের মতো ঊর্ধ্বগতির রেকর্ড গড়ে। অন্যদিকে জুন ডেলিভারির জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৮ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬.৯৬ ডলারে পৌঁছেছে। আগের ট্রেডিং সেশনে এই সূচকও ২.১ শতাংশ বেড়েছিল। এদিকে হোয়াইট হাউস স্পষ্ট করে জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান আলোচনা তারা গণমাধ্যমের মাধ্যমে পরিচালনা করতে আগ্রহী নয়। মার্কিন মিডিয়া সিবিএস নিউজকে দেওয়া বিবৃতিতে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের মাধ্যমে কোনো ধরনের দরকষাকষি করবে না। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অবস্থান পরিষ্কার— যুক্তরাষ্ট্র আলোচনার নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখবে এবং আমেরিকান জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। একই সঙ্গে ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করেই কোনো সমঝোতায় পৌঁছাবে ওয়াশিংটন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here