‘আপনারা সিনিয়র না, ক্যাম্পাসের ঐতিহ্য’, ছাত্রদলকে আম্মার

0
8

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার ছাত্রদলকে উদ্দেশ করে মন্তব্য করেছেন, “আপনারা সিনিয়র নন, বরং ক্যাম্পাসের ঐতিহ্যে পরিণত হয়েছেন। মিউজিয়ামে রাখলে মানুষ টিকিট কেটে দেখতে আসত।” রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে আম্মার লিখেন, ছাত্রদলের বর্তমান নেতৃত্বের শিক্ষাবর্ষের সঙ্গে নিজের বয়স ও বেড়ে ওঠার সময়ের তুলনা করলে বড় ধরনের ফারাক চোখে পড়ে। তিনি উল্লেখ করেন, যখন সংগঠনের শীর্ষ নেতারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, তখন তিনি প্রাথমিক স্তরে পড়াশোনায় ব্যস্ত ছিলেন। পরবর্তীতে নিজের শিক্ষা জীবনের বিভিন্ন ধাপ—বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া পর্যন্ত—সংক্ষেপে তুলে ধরেন। তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে আরও লেখেন, নিজের জীবনের বিভিন্ন পর্যায় পার হয়ে এখন ক্যারিয়ারের দ্বারপ্রান্তে পৌঁছেছেন, অথচ সংশ্লিষ্ট নেতারা এখনও একই অবস্থানে থেকে নতুন শিক্ষার্থীদের ‘সিনিয়র’ পরিচয়ে সম্বোধন করছেন। উল্লেখ্য, এর আগে ‘গুপ্ত’ ও ‘আদুভাই’ ট্যাগকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ওই প্রেক্ষাপটে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ফেসবুকে আম্মারকে সতর্ক করেন। তারই প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন রাকসুর জিএস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here