জৈন্তাপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণমন্ত্রী

0
8

জৈন্তাপুর উপজেলা-এ দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (২০ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য সংস্থাইউনিসেফ-এর সহযোগিতায় এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, হাম-রুবেলা টিকাদান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ, যা শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করে। তিনি জানান, জৈন্তাপুর উপজেলায় প্রায় ২৭ হাজারেরও বেশি শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ জন্য একটি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ১২১টি অস্থায়ী টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, ৫ মাস থেকে ৫৯ মাস বয়সী কোনো শিশুই যেন টিকার বাইরে না থাকে, সে বিষয়ে জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। টিকা নেওয়ার পর সামান্য জ্বর হওয়া স্বাভাবিক—এ নিয়ে কোনো ধরনের কুসংস্কারে বিশ্বাস না করার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, এই কর্মসূচির সফল বাস্তবায়নে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ জরুরি। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে টিকাদান কার্যক্রমের অগ্রগতি নিয়মিতভাবে তদারকির নির্দেশনাও দেন তিনি। জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ এবং জেলা বিএনপির উপদেষ্টা এবিএম জাকারিয়া। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here