চবিতে নববর্ষ কনসার্টে ইংরেজি গান, সমালোচনার মুখে আয়োজকরা

0
16

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত একটি কনসার্টে ইংরেজি গান পরিবেশনের অভিযোগ উঠেছে, যা ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। বুধবার (১৫ এপ্রিল) রাতে ‘নবধারায় বৈশাখ’ শিরোনামে অনুষ্ঠানটির আয়োজন করে চিটাগং ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি (CUBS)। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নববর্ষের পরদিন অনুষ্ঠিত এই কনসার্টে দ্য জাঙ্কার্স, মুনচাইল্ড, কলরব-দ্য ব্যান্ড, এনকোর ও উন্মাদসহ পাঁচটি ব্যান্ড অংশ নেয়। তবে উপস্থিত দর্শকদের দাবি, মুনচাইল্ড ও উন্মাদ ব্যান্ড তাদের পরিবেশনায় ৩ থেকে ৪টি ইংরেজি গান গেয়েছে, যা বাংলা নববর্ষের অনুষ্ঠানের প্রেক্ষাপটে সমালোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে চিটাগং ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটির মিডিয়া ম্যানেজার এবং মুনচাইল্ড ব্যান্ডের ভোকাল ফাইয়াজ নেহাল বলেন, তাদের পরিবেশনায় কয়েকটি ইংরেজি গান ছিল। তিনি জানান, তাদের ব্যান্ড সাধারণত এ ধরনের গানই পরিবেশন করে এবং গত বছরও একই অনুষ্ঠানে ইংরেজি গান গাওয়া হয়েছিল, তখন কোনো আপত্তি ওঠেনি। তবে বাংলা নববর্ষের প্রেক্ষাপট বিবেচনায় ভবিষ্যতে আরও সতর্ক থাকার কথাও বলেন তিনি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন বলেন, অনুষ্ঠানটি সরাসরি প্রশাসনের তত্ত্বাবধানে ছিল না; ব্যান্ড সোসাইটি অনুমতি নিয়ে আয়োজন করেছে। তিনি মনে করেন, পহেলা বৈশাখের মতো অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। কেন ইংরেজি গান পরিবেশন করা হয়েছে, তা আয়োজকরাই ভালো বলতে পারবেন বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেন, কোনোভাবেই যেন দেশীয় সংস্কৃতি হারিয়ে না যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here