দেবকে সমর্থন জানালেন প্রসেনজিৎ

0
16

টালিউডে দীর্ঘদিন ধরে চলা ‘ব্যান কালচার’ বিতর্ক নতুন করে উত্তাপ ছড়িয়েছে অভিনেতা দেবের মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি তিনি শিল্পীদের পক্ষে দাঁড়িয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন, যা নিয়ে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। সময়সীমা শেষ হওয়ার পর অনির্বাণ ভট্টাচার্যের কামব্যাক ঘোষণা এবং বিষয়টি ট্যাগ করে টালিউডের মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়, যা পরিস্থিতিকে আরও আলোচিত করে তোলে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) টেকনিশিয়ান স্টুডিওতে আর্টিস্ট ফোরামের বৈঠক শেষে এ বিষয়ে প্রসেনজিৎ বলেন, ‘দেবের ভাবনাকে আমি সমর্থন করি, তবে ৭২ ঘণ্টার মধ্যে “ব্যান কালচার” তুলে দেওয়ার ক্ষমতা আমার নেই।’ তিনি আরও বলেন, রাহুলের মৃত্যুর ঘটনা এবং ‘ব্যান কালচার’ ইস্যু দুটি আলাদা বিষয়। তাঁর ভাষায়, ‘রাহুলের অস্বাভাবিক মৃত্যুর পর শিল্পীদের নিরাপত্তা নিয়ে আমরা এক হয়েছিলাম, কিন্তু সেটার সঙ্গে অন্য কোনো দাবি যুক্ত নয়।’ প্রসেনজিৎ জানান, দেবের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে এবং বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। তবে তিনি মনে করেন, এ ধরনের বিষয় আরও সময় নিয়ে সামনে আনা উচিত ছিল। ৭২ ঘণ্টার আল্টিমেটাম প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ‘এই ধরনের চ্যালেঞ্জ দেওয়ার বা নেওয়ার মতো অবস্থায় আমি নেই।’ তবে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার দাবির পক্ষে নিজের অবস্থান জানিয়ে প্রসেনজিৎ বলেন, অনির্বাণ ভট্টাচার্য ও ঋদ্ধি সেনসহ অনেকেই এখনো নিষেধাজ্ঞার মুখে আছেন, তাদের সবার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া উচিত। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে কাউকে কাজ থেকে দূরে রাখার সংস্কৃতি তিনি সমর্থন করেন না। তবে এ সমস্যার দ্রুত সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সামনে বিধানসভা নির্বাচন থাকায় এখনই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here