মানবিক চিকিৎসক কামরুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মঈন উদ্দিন নামের এক ব্যক্তির চাঁদাবাজি ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি তিনি কৃতজ্ঞ। শনিবার (১১ এপ্রিল) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। কামরুল ইসলাম বলেন, গত ৫ আগস্টের পর থেকে মঈন উদ্দিন নিজেকে যুবদলের কর্মী ও কমিশনার প্রার্থী পরিচয় দিয়ে হাসপাতালের বিভিন্ন সরবরাহ কাজে চাপ সৃষ্টি করে আসছিলেন। একপর্যায়ে তিনি অতিরিক্ত দামে সেবা প্রদান ও রোগী সরবরাহের সঙ্গে যুক্ত হন। হাসপাতালের স্বচ্ছতা বজায় রাখতে এসব অনিয়ম বন্ধ করলে তিনি ক্ষিপ্ত হয়ে হুমকি দিতে শুরু করেন। তিনি আরও জানান, শুক্রবার সকাল ৯টার দিকে মঈন উদ্দিন হাসপাতাল প্রাঙ্গণে এসে লোক জড়ো করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেন এবং আপত্তিকর স্লোগান দিয়ে আতঙ্ক ছড়ান। এর আগে গত ২৯ মার্চও তিনি হাসপাতালে এসে কর্মচারীদের হুমকি দেন এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করেন। এ ঘটনার পর ৩০ মার্চ শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কামরুল ইসলাম বলেন, গত ১৭ বছরে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও কর্মীদের জন্য প্রতিদিন তিন বেলা বিনামূল্যে খাবারের ব্যবস্থা রয়েছে।


