ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজ ব্যবস্থাপনা সরাসরি সরকারের ভাবমূর্তির সঙ্গে সম্পৃক্ত। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আশকোনার হজক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অধীনে এটি প্রথম হজ, তাই আগের যেকোনো সময়ের তুলনায় এবারের ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও সুশৃঙ্খল করতে হবে। তিনি আরও বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান—তাদেরকে পরিবারের সদস্যের মতো আন্তরিকতার সঙ্গে সেবা দিতে হবে। এ বছর যেসব দপ্তর ও সংস্থা সর্বোত্তম সেবা প্রদান করবে, তাদের পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থা তাদের প্রস্তুতির অগ্রগতি তুলে ধরে এবং সুষ্ঠু ও নির্বিঘ্ন হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে। এ সময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান উপস্থিত ছিলেন। এছাড়া হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাউদিয়া ও ফ্লাইনাসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


