টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া অধিদপ্তর

0
9

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের বর্ধিতাংশ এবং দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি লঘুচাপের প্রভাবে এই আবহাওয়ার সৃষ্টি হতে পারে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং দেশের অন্যান্য অঞ্চলের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শনিবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রোববার সিলেট বিভাগের দু-এক স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

সপ্তাহজুড়ে দেশের আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনশীল থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here