চট্টগ্রাম মহানগর বিএনপির মতবিনিময় সভা উন্নয়নে তৃণমূল নেতাদের সক্রিয় ভূমিকা চান মেয়র ডা. শাহাদাত হোসেন

0
8

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর উন্নয়ন ও আসন্ন বর্ষা মৌসুমে জনদুর্ভোগ লাঘবে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মেয়র ডা. শাহাদাত হোসেন।
গত ৪ এপ্রিল শনিবার বিকেলে নগরীর লালখান বাজারে একটি রেস্টুরেন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মেয়র বলেন, আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও দুর্ঘটনা এড়াতে ওয়ার্ড পর্যায়ে দ্রুত নালা-নর্দমা পরিষ্কার, ভাঙা বা অনুপস্থিত স্লাব চিহ্নিতকরণ, খোলা ম্যানহোলের ঢাকনা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় স্থানে ডাস্টবিন স্থাপন অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, “আমাদের সামনে বর্ষাকাল। অতীতে খোলা ম্যানহোল ও স্লাববিহীন ড্রেনের কারণে অনেক দুর্ঘটনা ঘটেছে। তাই প্রতিটি ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ স্থানগুলো দ্রুত চিহ্নিত করে ছবি ও তথ্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি জানান, প্রতি শনিবার নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার উদ্যোগ নিতে হবে। পাশাপাশি ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে অতিরিক্ত ফি বাতিল করা হয়েছে এবং বর্তমানে সিটি কর্পোরেশনের নিজস্ব কর্মীরাই এ কার্যক্রম পরিচালনা করছে।
উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, জলাবদ্ধতা নিরসনে নালা পরিষ্কারের জন্য ২০ কোটি এবং খাল উন্নয়নে ২৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া নতুন উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে। যেসব গুরুত্বপূর্ণ সড়ক এখনো তালিকাভুক্ত হয়নি, সেগুলোর তালিকা দ্রুত জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে মেয়র বলেন, “প্রতিটি কাজ ডিসিপ্লিনের মধ্যে করতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। হাতে সময় কম—আগামী ৫৫ দিনের মধ্যে দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করতে হবে।”
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ও মহানগর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here