চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের দক্ষতা বাড়াতে হবে: মেয়র ডা. শাহাদাত

0
9

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামকে দেশের প্রকৃত বাণিজ্যিক রাজধানীতে রূপান্তর করতে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর জোর দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক রূপান্তর ত্বরান্বিত করতে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে আয়োজিত ‘আইটেক ডে’ ও বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন (BYD) পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ১৯৬৪ সাল থেকে ভারতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা (আইটেক) কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ ও ভারতের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময় অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তি, সুশাসন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, জ্বালানি ও কারিগরি শিক্ষাসহ বিভিন্ন খাতে এই সহযোগিতা মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, চট্টগ্রাম শিল্প, বাণিজ্য, লজিস্টিকস, শিপিং ও রপ্তানি-আমদানির কেন্দ্র হিসেবে আরও বিকশিত হবে।
তিনি আরও বলেন, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করে। ভবিষ্যতে এ ধরনের বিনিময় কর্মসূচি আরও সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ড. রাজীব রঞ্জন বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক টিকিয়ে রাখা ও শক্তিশালী করার মূল চালিকাশক্তি তরুণ প্রজন্ম। তিনি তরুণদের দুই দেশের মধ্যে ‘জীবন্ত সেতুবন্ধন’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, ইতিহাস, সংস্কৃতি ও অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা দুই দেশের সম্পর্ক অতীতের ত্যাগ ও বর্তমান সহযোগিতার ওপর দাঁড়িয়ে আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতে এ সম্পর্কের সম্ভাবনা আরও বিস্তৃত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন (BYD)-এর বিভিন্ন ব্যাচের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তারা জানান, ভারতের বিভিন্ন শহরে অবস্থানকালীন শিক্ষা, সংস্কৃতি ও অভিজ্ঞতা বিনিময় দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে আইটেক ও বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন কর্মসূচির সাবেক অংশগ্রহণকারীরাও উপস্থিত ছিলেন। তারা দুই দেশের সম্পর্ক আরও জোরদারে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here