চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার অভিযানে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর ডাইল বাড়ির মহসিন খানের ছেলে মো. মানিক খান ও একই এলাকার বিসমিল্লাহ কলোনির মো. সিরাজের ছেলে মো. ইউনুছ।
বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে নগরের কোতোয়ালী থেকে মো. মানিক খানকে গ্রেপ্তার করা হয়। পরে চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে মো. ইউনুছকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পটিয়া থানার মামলায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।