আজ থেকেই বাজারে মিলবে নতুন ৫ টাকার নোট

0
10

আজ মঙ্গলবার থেকেই বাজারে ছাড়া হচ্ছে নতুন ডিজাইন ও আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্যসম্বলিত ৫ টাকার নোট। অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত নতুন এই নোট বাংলাদেশ ব্যাংক প্রচলনে এনেছে। প্রথম পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নোটটি ইস্যু করা হবে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও ধাপে ধাপে সরবরাহ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ থিমে তৈরি নতুন নোটটির আকার ১১৭ মিলিমিটার বাই ৬০ মিলিমিটার। নোটের সামনের অংশে তারা মসজিদ ও ঢাকার দৃশ্য স্থান পেয়েছে। পাশাপাশি জাতীয় ফুল শাপলাকে পাতা ও কুঁড়িসহ ফুটন্ত অবস্থায় তুলে ধরা হয়েছে। অন্যদিকে, নোটের পেছনের অংশে রাখা হয়েছে ‘গ্রাফিতি-২০২৪’ এর নকশা, যা দেশের সাম্প্রতিক সামাজিক ও সাংস্কৃতিক বাস্তবতার প্রতিফলন হিসেবে উপস্থাপন করা হয়েছে। নতুন নোটে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। জলছাপে ব্যবহার করা হয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, ইলেকট্রোটাইপ ‘৫’ এবং বাংলাদেশ সরকারের মনোগ্রাম। নোটটির প্রধান রং হালকা গোলাপি। এছাড়া বাম পাশে থাকা নিরাপত্তা সুতা আলোয় ধরলে দুই পাশ থেকেই দেখা যাবে। এছাড়াও নোটের সামনের অংশে বিশেষ গ্লিউইশ নকশার ওপর মাইক্রোপ্রিন্টে একাধিকবার ‘BANGLADESH’ লেখা সংযুক্ত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ৫ টাকার নোট চালুর পরও প্রচলিত সব কাগুজে নোট ও ধাতব মুদ্রা আগের মতো বৈধ থাকবে। একইসঙ্গে সংগ্রাহকদের জন্য বিশেষ নমুনা নোটও মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি মিউজিয়াম থেকে সংগ্রহ করা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here