সপ্তাহে ৩ দিন সরাসরি ক্লাস, বাকি দিন অনলাইনে: শিক্ষামন্ত্রী

0
15

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানের নতুন সময়সূচি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে তিনদিন শিক্ষার্থীরা সশরীরে ক্লাসে অংশ নেবে এবং বাকি কার্যদিবসে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, শনি, সোম ও বুধবার সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান হবে। অন্যান্য কার্যদিবসে অনলাইন ক্লাস পরিচালিত হবে এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে। তিনি বলেন, বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা তাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকর। প্রশ্ন প্রণয়ন থেকে ফল প্রকাশ পর্যন্ত দীর্ঘ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জীবন থেকে প্রায় দুই বছর হারিয়ে যায়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মেধাবী শিক্ষকদের প্রশাসনিক কাজে না রেখে পাঠদানে যুক্ত করা প্রয়োজন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু পরিদর্শকের অনিয়মের অভিযোগ উল্লেখ করে তিনি এ বিষয়ে কঠোর নজরদারির কথাও জানান। এছাড়া বিদেশে প্রশিক্ষণ নিয়ে দেশে তা প্রয়োগ না করার প্রবণতা বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কমপক্ষে তিন বছর দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, অনেক প্রতিষ্ঠান যথাযথ লাইসেন্স ও নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই পরিচালিত হচ্ছে, যা ঝুঁকিপূর্ণ। পাশাপাশি ডিজিটাল নকল রোধে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here